লেটেস্ট নিউজ

যুদ্ধবিধ্বস্ত ইরানে মিসাইল হামলার মুখে গাইঘাটার ইঞ্জিনিয়ার, প্রাণ বাঁচাতে মোদি-মমতার হস্তক্ষেপ চাইল পরিবার – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। আর সেই ভয়াবহ পরিস্থিতির মাঝেই ইরানের বন্দর আব্বাসে পণ্যবাহী জাহাজে আটকে পড়েছেন উত্তর ২৪ পরগনার গাইঘাটার বকচারা গ্রামের বাসিন্দা গৌতম দেবনাথ। পেশায় ইলেকট্রিক ইঞ্জিনিয়ার গৌতমবাবু গত ৪০ দিন ধরে বিদেশের বন্দরে বন্দি হয়ে থাকায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে তাঁর পরিবারের।

গত ডিসেম্বরে কাজে যোগ দেওয়ার পর শ্রীলঙ্কা থেকে রওনা দিয়ে শেষমেশ ইরানে গিয়ে আটকে পড়ে তাঁদের জাহাজটি। নেটওয়ার্ক অত্যন্ত দুর্বল হওয়ায় বাড়ির লোকের সঙ্গে ঠিকমতো যোগাযোগও করতে পারছিলেন না তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর বাড়িতে ফোন করে যে তথ্য তিনি দিয়েছেন, তাতে আতঙ্ক আরও বেড়েছে। গৌতমবাবু জানিয়েছেন, তাঁদের জাহাজের ঠিক পিছনে থাকা অন্য একটি জাহাজ গতকাল মিসাইল হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। চোখের সামনে এমন ভয়াবহ ধ্বংসলীলা দেখে কার্যত দিশেহারা ওই ইঞ্জিনিয়ার ও তাঁর সহকর্মীরা।

বাড়িতে রয়েছেন অসুস্থ বৃদ্ধা মা ও স্ত্রী সংগীতা রায়। মায়ের শারীরিক অবস্থার কথা ভেবে তাঁকে এখনও ছেলের বিপদের কথা জানানো হয়নি। তবে টিভির পর্দায় যুদ্ধের খবর দেখে ঘুম উড়েছে পরিবারের বাকি সদস্যদের। সংগীতা দেবী জানান, জাহাজে আপাতত পর্যাপ্ত খাবার ও জল থাকলেও যে কোনও মুহূর্তে বড়সড় বিপদের আশঙ্কা রয়েছে। প্রতিনিয়ত মাথার ওপর যুদ্ধের দামামা বাজায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। এই পরিস্থিতিতে ঘরের ছেলেকে সুস্থ শরীরে ফিরিয়ে আনতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি হস্তক্ষেপের কাতর আবেদন জানিয়েছে দেবনাথ পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *