ডাক্তার নেই নার্সরাই ভরসা পাথরপ্রতিমার জি প্লটে ধুঁকছে স্বাস্থ্য পরিষেবা – এবেলা
এবেলা ডেস্কঃ
পাথরপ্রতিমা ব্লকের জি-প্লট গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। খাতাকলমে দু’জন চিকিৎসক নিযুক্ত থাকলেও বাস্তবে তাঁদের দেখা মেলা ভার। ফলে তিন জন নার্স দিয়েই কোনোমতে চলছে এই স্বাস্থ্যকেন্দ্রের কাজকর্ম। স্থলভাগ থেকে বিচ্ছিন্ন এই নদীবেষ্টিত দ্বীপে বসবাসকারী প্রায় ৩১ হাজার মানুষের একমাত্র ভরসা এই কেন্দ্রটি, যা এখন কার্যত অভিভাবকহীন।
দ্বীপের বাসিন্দাদের অধিকাংশেরই জীবিকা কৃষিকাজ বা মৎস্য শিকার। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা না থাকায় বাধ্য হয়ে তাঁদের মোটা টাকা খরচ করে গ্রামীণ চিকিৎসকদের শরণাপন্ন হতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা বাসুদেব জানা আক্ষেপ করে জানান, জরুরি পরিস্থিতিতে বা শারীরিক অবস্থার অবনতি হলে রোগীদের ভুটভুটিতে করে প্রায় তিন ঘণ্টা পথ পাড়ি দিয়ে পাথরপ্রতিমা ব্লক হাসপাতালে নিয়ে যেতে হয়। দীর্ঘ এই যাতায়াতের পথে অতীতে বহু রোগীর মৃত্যু পর্যন্ত হয়েছে। বিশেষ করে প্রসূতি মায়েদের নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয় এলাকাবাসীকে।
এই দ্বীপাঞ্চলে পরিকাঠামো থাকলেও স্থায়ী চিকিৎসকের অভাবে সাধারণ মানুষ মৌলিক স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা জানান, সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং দ্রুত ওই স্বাস্থ্যকেন্দ্রে স্থায়ী চিকিৎসক নিয়োগ করে পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।

