নিমতায় বিরাটি কলেজের ঝাঁ-চকচকে নয়া ক্যাম্পাস, উদ্বোধন করলেন চন্দ্রিমা ভট্টাচার্য – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তর শহরতলির উচ্চশিক্ষার প্রসারে নয়া পালক যুক্ত হল। নিমতার ফতুল্লাপুরে বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠের দ্বিতীয় ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হল। সোমবার ভার্চুয়ালি এই আধুনিক ক্যাম্পাসের উদ্বোধন করেন উত্তর দমদমের বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে প্রায় ১১৮ কাঠা জমির ওপর নির্মিত এই বিশাল ক্যাম্পাসটি তৈরিতে ব্যয় হয়েছে আনুমানিক ১৭ কোটি টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি প্রফেসর রামানুজ গঙ্গোপাধ্যায়, কলেজের অধ্যক্ষ ডঃ দীপক বিশ্বাস এবং উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাসসহ বিশিষ্ট শিক্ষাবিদগণ।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্যে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টার ফসল এই নতুন ক্যাম্পাস। একটি কলেজের নিজস্ব দ্বিতীয় ক্যাম্পাস গড়ে ওঠা বিরাটি ও নিমতা সংলগ্ন এলাকার পড়ুয়াদের জন্য বড় প্রাপ্তি। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এই কলেজে আগামী দিনে প্র্যাকটিক্যাল নির্ভর ও বাস্তবমুখী বিভিন্ন বিষয় চালু করার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানে সহায়ক হবে।

