ভারতকে টেক্কা দিয়ে বাজিমাত বাংলাদেশের, হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানিতে বিশেষ ছাড় দিল ইরান – এবেলা
এবেলা ডেস্কঃ
ঢাকা: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড়সড় কূটনৈতিক সাফল্য পেল বাংলাদেশ। ভারত যেখানে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি আমদানিতে চরম সংকটের মুখে, সেখানে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারিক রহমানের হস্তক্ষেপে ইরানের থেকে বিশেষ ছাড় পেল ঢাকা। এর ফলে এখন থেকে বাংলাদেশের পণ্যবাহী জাহাজগুলো কোনো বাধা ছাড়াই এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যাতায়াত করতে পারবে।
বিগত কয়েকদিন ধরে জ্বালানি সংকটের কারণে বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল, এমনকি স্কুল-কলেজ পর্যন্ত ছুটি ঘোষণা করতে হয়। তবে ইরানের এই সবুজ সংকেতের পর দ্রুতই তেলের সংকট মিটবে বলে আশা করা হচ্ছে। এর আগে ইরান কেবল রাশিয়া ও চিনের জাহাজকে এই রুট ব্যবহারের অনুমতি দিয়েছিল, এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশ।
অন্যদিকে, নয়াদিল্লির জন্য পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। ভারতের প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাসের প্রায় ৫০ শতাংশ এই রুট দিয়েই আসে। বর্তমানে ভারতের অন্তত ২৭টি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালীতে আটকে থাকায় প্রায় ১০ হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতের সঙ্গে ইরানের দীর্ঘকালীন সম্পর্ক থাকলেও বর্তমান পরিস্থিতিতে নয়াদিল্লির কূটনৈতিক দৌত্য সেভাবে কাজ করেনি। ফলে ভারতের জাহাজগুলো এখনও আটকে থাকলেও বাংলাদেশের জন্য পথ খুলে দিল তেহরান।

