লেটেস্ট নিউজ

হরমুজে মিসাইল হানা, ইরানে আটকে গাইঘাটার নাবিক গৌতম – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও আমেরিকার ক্রমবর্ধমান সংঘাতের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে হরমুজ প্রণালী। এই যুদ্ধ পরিস্থিতিতে ইরানের আব্বাস বন্দরে একটি ভারতীয় পণ্যবাহী জাহাজে আটকে পড়েছেন উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা গৌতম দেবনাথ। ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজে যুক্ত গৌতম গত ৪০ দিন ধরে জাহাজে রয়েছেন। সম্প্রতি তাঁদের জাহাজের ঠিক পেছনের একটি নৌযানে মিসাইল হামলার ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

গৌতমের পরিবার সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কা থেকে ইরানে যাওয়ার পথে যুদ্ধ শুরু হওয়ায় তাঁদের ফেরার পথ বন্ধ হয়ে গিয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখলেও বর্তমান পরিস্থিতিতে চরম উৎকণ্ঠায় দিন কাটছে তাঁর স্ত্রী সঙ্গীতা রায় ও অন্যান্য সদস্যদের। জাহাজে পর্যাপ্ত খাদ্য ও পানীয় মজুত থাকলেও ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর তাঁদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।

অন্যদিকে নদিয়ার তেহট্টের বাসিন্দা দীপক মণ্ডলও ইরানের একটি জাহাজে আটকে রয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশে ইরান ও আমেরিকার পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই অবস্থায় আটকে পড়া নাবিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন দুশ্চিন্তাগ্রস্ত পরিবারগুলো। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহল পরিস্থিতির ওপর নজর রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *