লেটেস্ট নিউজ

সংমেলনের আগেই অস্বস্তিতে সিপিএম, এসএফআই নেতার বিরুদ্ধে উঠল যৌন হেনস্তার বিস্ফোরক অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার ছাত্র রাজনীতিতে তোলপাড়। এসএফআইয়ের এক প্রভাবশালী জেলা সম্পাদকমণ্ডলীর নেতার বিরুদ্ধে যৌন হেনস্তার গুরুতর অভিযোগ তুললেন সংগঠনেরই এক ছাত্রী সদস্য। অভিযুক্ত নেতা রাজ্য কমিটিরও সদস্য এবং আসন্ন জেলা সংমেলনে গুরুত্বপূর্ণ পদের দৌড়ে রয়েছেন বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সিপিএমের অন্দরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

অভিযোগকারিণী ছাত্রীর দাবি, ওই নেতার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছিল। পরে তিনি জানতে পারেন ওই নেতা আরও একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে লিপ্ত। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে তাঁকে মানসিকভাবে হেনস্তা ও অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করা হয় বলে লিখিত অভিযোগে জানানো হয়েছে। বর্তমানে ওই ছাত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

সংগঠনের একটি সূত্রের খবর, বুধবার থেকে শুরু হতে যাওয়া কলকাতা জেলা সংমেলনের আগে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। অভিযোগকারিণীকে বিষয়টি নিয়ে আর না এগনোর জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি একাংশের। সাম্প্রতিক সময়ে ইন্দ্রজিৎ ঘোষ বা বংশগোপাল চৌধুরীর মতো নেতাদের বিরুদ্ধে ওঠা একই ধরনের অভিযোগে দল যখন বিড়ম্বনায়, ঠিক তখনই ছাত্র সংগঠনের এই ঘটনা সিপিএম নেতৃত্বকে চরম অস্বস্তিতে ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *