চায়ের দোকানে কাপ হাতেই গঙ্গা বাঁচানোর লড়াই দুই ভাইয়ের অদম্য জেদ কুমোরটুলি ঘাটে – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তর কলকাতার কুমোরটুলি ঘাট সংলগ্ন স্ট্র্যান্ড ব্যাংক রোডের পরিচিত মুখ চন্দন ও সন্দীপ দে। তবে এলাকায় লালু-ভুলু নামেই তাঁদের জনপ্রিয়তা বেশি। বাবার মৃত্যুর পর ২০২০ সাল থেকে বংশানুক্রমিক চায়ের দোকানের হাল ধরেছেন দুই ভাই। কিন্তু শুধু চা বিক্রি নয়, তাঁদের নেশা এখন আদিগঙ্গা ও পরিবেশ রক্ষা করা। গঙ্গা দূষণ রুখতে এবং মানুষকে সচেতন করতে নিজেদের উদ্যোগে কোমর বেঁধে প্রচারে নেমেছেন এই দুই ভাই।
চায়ের দোকান সামলানোর ফাঁকেই গঙ্গা সংলগ্ন গাছপালা ও দেওয়ালে নিজেদের তৈরি ফ্লেক্স এবং পোস্টার টাঙিয়েছেন লালু-ভুলু। সেই সব পোস্টারে গঙ্গায় প্লাস্টিক, ফলের খোসা, মাটির ভাঁড় বা কাগজের কাপ না ফেলার জন্য সনির্বোধ অনুরোধ জানিয়েছেন তাঁরা। বিশেষ করে কুমোরটুলি চক্ররেল লাইনের পাশের এলাকা এবং সুতানুটি পুলিশ ফাঁড়ির বাগানেও তাঁদের এই সচেতনতামূলক বার্তা চোখে পড়ছে।
চন্দন ওরফে লালু জানান, নদী বা প্রকৃতি না বাঁচলে মানুষের অস্তিত্ব বিপন্ন হবে। সেই সাধারণ বোধ থেকেই তাঁদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এর আগেও তাঁরা ফ্লেক্স লাগিয়েছিলেন, যা প্রাকৃতিক কারণে নষ্ট হয়ে যাওয়ায় আবারও নতুন করে লাগানোর কাজ শুরু করেছেন। ঘাটে আসা পর্যটক ও স্থানীয়দের কাছে তাঁরা ব্যক্তিগতভাবেও আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আবেদন জানান। দীর্ঘদিনের পরিবেশকর্মী সত্যরঞ্জন দলুই এই দুই ভাইয়ের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই পারে গঙ্গাকে দূষণমুক্ত করতে।

