মালদহে যুবসাথী প্রকল্পের বড় আপডেট অনলাইনে টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ এবার শুরু অফলাইন যাচাই – এবেলা
এবেলা ডেস্কঃ
মালদহ জেলায় যুবসাথী প্রকল্পে অনলাইনে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করল প্রশাসন। বর্তমানে জেলাজুড়ে অফলাইনে আবেদনকারীদের নথি যাচাইয়ের কাজ পুরোদমে চলছে। তবে তথ্যগত ত্রুটির কারণে অনলাইনে আবেদনকারী প্রায় শতাধিক ব্যক্তির টাকা আটকে রয়েছে। জেলাশাসক প্রীতি গোয়েল জানিয়েছেন, এই ত্রুটিগুলি সংশোধন হয়ে গেলেই সংশ্লিষ্ট উপভোক্তারা দ্রুত টাকা পেয়ে যাবেন। একইসঙ্গে কোনো আবেদনকারী অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই আবেদন করেছেন কি না, সেই তথ্যও খতিয়ে দেখছে প্রশাসন।
জেলাশাসক স্পষ্ট করেছেন যে সরকারি নির্দেশিকা অনুযায়ী যোগ্য প্রত্যেক আবেদনকারীই প্রকল্পের সুবিধা পাবেন। কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড ভুল থাকায় টাকা পৌঁছাতে সমস্যা হয়েছে। এই ধরনের উপভোক্তাদের সঙ্গে যোগাযোগ করে তথ্য সঠিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত যুবসাথী প্রকল্প সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মালদহ জেলায় গত ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার যুবক-যুবতী এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। এর মধ্যে আড়াই লক্ষ আবেদন জমা পড়েছে অনলাইনে এবং এক লক্ষের বেশি আবেদন এসেছে অফলাইনে। প্রশাসনের তথ্য অনুযায়ী, মার্চের প্রথম সপ্তাহেই অনলাইন আবেদনকারীদের অ্যাকাউন্টে প্রতিশ্রুত ১৫০০ টাকা পৌঁছে দেওয়া হয়েছে। তবে অফলাইন আবেদনগুলো বর্তমানে ব্লক স্তরে যাচাইয়ের পর্যায়ে থাকায় তাঁদের টাকা দেওয়ার প্রক্রিয়া এখনও শুরু হয়নি।
প্রশাসন সূত্রে জানা গেছে, অনলাইনে আবেদন করেও যাঁরা টাকা পাননি, তাঁদের অনেকেরই প্যান বা আধার কার্ড সঠিক থাকলেও ব্যাঙ্ক সংক্রান্ত তথ্যে ভুল ছিল। এমন শতাধিক আবেদনকারীর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। অনলাইন আবেদনের রসিদ বা অ্যাকনলেজমেন্টের সঙ্গে একটি নির্দিষ্ট ফর্মে আবেদন করলে তথ্য যাচাই সাপেক্ষে তাঁদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে। মঙ্গলবার মালদহ জেলা প্রশাসনিক কার্যালয়ে এসে কুম্ভীরার বাসিন্দা রঞ্জিত প্রামাণিক জানান, কারিগরি সমস্যার কারণে তিনি টাকা পাননি, তবে প্রশাসনের সহায়তায় দ্রুত সমস্যার সমাধানের আশা করছেন তিনি।

