আকতৈলের চিল্লাহারে হুলুস্থুল পোস্ট অফিসের বস্তাভর্তি আধার ও প্যান কার্ড উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য – এবেলা
এবেলা ডেস্কঃ
মালদহ জেলার হবিবপুর ব্লকের আকতৈল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিল্লাহার এলাকায় পোস্ট অফিসের ব্যাপক গাফিলতির অভিযোগ সামনে এসেছে। জনৈক সুশীল টুডুর বাড়ির উঠানে প্রায় পাঁচ শতাধিক আধার কার্ড, প্যান কার্ড এবং গুরুত্বপূর্ণ সরকারি নথি পড়ে থাকতে দেখে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই পোস্ট অফিসের কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা সঞ্জয় মার্ডির অভিযোগ, পোস্ট অফিসের কর্মীরা কার্ডগুলি বিলি না করে বস্তাবন্দি করে ফেলে রেখেছেন। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, চিল্লাহার এলাকায় দীর্ঘ দিন ধরে পোস্ট অফিসের একটি শাখা ছিল, যা সম্প্রতি বিনোদপুরে স্থানান্তরিত হয়েছে। সেই সময় চিঠিপত্র বিলির দায়িত্বে ছিলেন হরেশ চন্দ্র রায়। বর্তমানে তিনি খড়িবাড়ি এলাকার পিয়ন হিসেবে কর্মরত। হরেশ চন্দ্র রায় নিজের অসুস্থতার কারণে ব্যক্তিগতভাবে সুশীল টুডুকে টাকার বিনিময়ে চিঠি বিলির কাজে নিয়োগ করেছিলেন।
অভিযুক্ত সুশীল টুডু জানিয়েছেন, মাসিক পাঁচ হাজার টাকার বিনিময়ে তিনি হরেশবাবুর হয়ে কাজ করতেন। যে সমস্ত কার্ড বিলি করা সম্ভব হয়নি, সেগুলি অফিসে জমা দেওয়ার জন্য রোদে বের করে রেখেছিলেন। সেই সময়ই কেউ ভিডিও করে ছড়িয়ে দিয়েছে। অন্যদিকে, পিয়ন হরেশ চন্দ্র রায় স্বীকার করেছেন যে অসুস্থতার কারণে তিনি সুশীলকে দিয়ে কাজ করাতেন এবং অবিলিকৃত নথিগুলো দ্রুত অফিসে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন। এই বিষয়ে পোস্ট অফিসের মালদহ পূর্ব সার্কেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা ছিল না এবং অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।

