ব্রিগেডে কোচবিহার থেকে কতজন? খোদ জেলা সভাপতির কাছেই নেই সঠিক হিসেব – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ১৪ মার্চ কলকাতায় বিজেপির ব্রিগেড সমাবেশ। হাতে সময় মাত্র কয়েক দিন। অথচ কোচবিহার জেলা থেকে ঠিক কতজন কর্মী-সমর্থক ওই সমাবেশে যোগ দেবেন, তার কোনো সদুত্তর নেই খোদ জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মনের কাছে। বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই মেগা জনসভাকে কেন্দ্র করে যখন সাজো সাজো রব থাকার কথা, তখন কোচবিহার বিজেপির অন্দরে এক প্রকার ছন্নছাড়া ছবিই ধরা পড়ছে।
জেলা সভাপতি জানিয়েছেন, বুথ স্তর থেকে এখনো সমর্থকদের তালিকা পূর্ণাঙ্গভাবে তাঁর হাতে পৌঁছায়নি। রাজ্য থেকেও তাঁদের নির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা বা ‘টার্গেট’ দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন। তবে তাঁর আশ্বাস, শেষ মুহূর্তে পর্যাপ্ত সংখ্যায় মানুষ কোচবিহার থেকে কলকাতায় যাবেন।
উল্লেখ্য, সম্প্রতি কোচবিহারে বিজেপির একাধিক কর্মসূচিতে আশানুরূপ ভিড় না হওয়ায় দলের অন্দরে অস্বস্তি বেড়েছে। গত সপ্তাহে রাসমেলা ময়দানে পরিবর্তন যাত্রার সূচনা অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতা নীতিন নবীনের উপস্থিতিতেও বহু চেয়ার খালি পড়ে থাকতে দেখা গিয়েছিল। এরপর ৫ মার্চের রথযাত্রাতেও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল নগণ্য। জেলায় বিজেপির ছয়জন বিধায়ক থাকা সত্ত্বেও ব্রিগেডের আগে সেই অর্থে কোনো চনমনে ভাব বা রাজনৈতিক তৎপরতা চোখে পড়ছে না। এমনকি আপাতত ব্রিগেড ছাড়া জেলায় দলের অন্য কোনো কর্মসূচিও নেই বলে জানিয়েছেন জেলা সভাপতি। ভোটের মুখে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা কোচবিহারে বিজেপির এই সাংগঠনিক স্থবিরতা রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।

