খেজুরের প্যাকেটে কোটি টাকার মাদক ইটাহারে গ্রেপ্তার মালদহের দুই পাচারকারী – এবেলা
এবেলা ডেস্কঃ
খেজুর ও চিকিৎসা সামগ্রীর প্যাকেটে লুকিয়ে মাদক পাচারের ছক ভেস্তে দিল পুলিশ। উত্তর দিনাজপুরের ইটাহার থানার গোঠলু এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ধার থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ মালদহের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম নাসির মিঞা ও ইব্রাহিম। তাদের কাছ থেকে প্রায় দুই কেজি ব্রাউন সুগার ও একটি ছোট চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হওয়া এই মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে আইসি গৌতম চৌধুরীর নেতৃত্বে অভিযান চালায় ইটাহার থানার পুলিশ। গোঠলু এলাকায় সন্দেহভাজন গাড়িটিকে আটকে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে মাদক ভর্তি ২০টি প্যাকেট। চতুরতার সঙ্গে খেজুর ও চিকিৎসার সরঞ্জামের আড়ালে এই নিষিদ্ধ মাদক লুকিয়ে রাখা হয়েছিল। ধৃত দুই যুবকের বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগর থানার মালতীপুর ও গোলাবাড়ি এলাকায়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কালিয়াচক থেকে এই মাদক সংগ্রহ করে ইটাহার, রায়গঞ্জ ও ইসলামপুর সহ পার্শ্ববর্তী বিহারে পাচারের পরিকল্পনা ছিল ধৃতদের। উত্তর দিনাজপুর জেলাকে করিডোর হিসেবে ব্যবহার করে মাদকের কারবার চালানোর এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মঙ্গলবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাদের আটদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইটাহার থানার পুলিশ।

