লেটেস্ট নিউজ

ছেলেধরা গুজবে আদিবাসী যুবককে বেধড়ক মারধর উত্তপ্ত বোলপুর অবরোধে শামিল গ্রামবাসীরা – এবেলা

এবেলা ডেস্কঃ

ছেলেধরা সন্দেহে এক আদিবাসী যুবককে নৃশংসভাবে মারধরের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল বোলপুর। বুধবার সকালে এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বোলপুর-ইলামবাজার সড়কের মির্জাপুর বাসস্ট্যান্ড এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে মির্জাপুর এলাকার বাসিন্দা মঙ্গলা বাসকি নামে ওই যুবক রায়পুর হয়ে কাকুটিয়া যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই একদল লোক তাঁকে ‘ছেলেধরা’ সন্দেহে ঘিরে ধরে এবং বেধড়ক মারধর শুরু করে। খবর পেয়ে বোলপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জখম যুবককে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

এদিকে নিজের সম্প্রদায়ের যুবকের ওপর এই হামলার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় আদিবাসীরা। বুধবার সকাল থেকেই তাঁরা মির্জাপুর বাসস্ট্যান্ডের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *