লেটেস্ট নিউজ

উত্তরবঙ্গে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের হাহাকার চরম সংকটে হোটেল মালিক থেকে সাধারণ মানুষ – এবেলা

এবেলা ডেস্কঃ

শিলিগুড়ি ও জলপাইগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গ জুড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। এর ফলে দার্জিলিং পাহাড় থেকে কোচবিহার ও আলিপুরদুয়ারের হোটেল ও রেস্তরাঁ ব্যবসায়ীরা চরম দিশাহীন হয়ে পড়েছেন। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, অনেক ব্যবসায়ী এখন তাঁদের রান্নাঘরে তালা ঝোলানোর কথা ভাবছেন।

শিলিগুড়ির হোটেল ও রেস্তরাঁগুলোতে বাণিজ্যিক সিলিন্ডারের মাধ্যমেই রান্নার কাজ চলে। সিলিন্ডার সরবরাহ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন মালিকরা। বৃহত্তর শিলিগুড়ি হোটেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানিয়েছেন, বর্তমান মজুত দিয়ে বড়জোর দুই-তিন দিন চালানো সম্ভব। এরপর সিলিন্ডার না মিললে রেস্তরাঁর ঝাঁপ বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। একই আশঙ্কার কথা শুনিয়েছেন কোচবিহার ও আলিপুরদুয়ারের হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও।

ব্যবসায়িক খাতের পাশাপাশি সাধারণ মানুষের রান্নাঘরেও টান পড়েছে। অভিযোগ উঠেছে, রান্নার গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে কালোবাজারি শুরু হয়েছে। শিলিগুড়ি ও জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় ‘কাটিং গ্যাস’ আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে বলে গ্রাহকদের দাবি। মঙ্গলবার জলপাইগুড়িতে একটি ডিলার অফিসের সামনে ক্ষুব্ধ গ্রাহকরা বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, সিলিন্ডার পিছু অতিরিক্ত ৬০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। যদিও সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটর কর্তৃপক্ষ বাড়তি দাম নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

অনলাইন বুকিংয়ে সমস্যার কারণে শিলিগুড়ির হায়দরপাড়া, সুভাষপল্লি ও এনজেপি এলাকার ডিস্ট্রিবিউটর অফিসগুলোতেও গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। একদিকে চড়া দাম, অন্যদিকে সরবরাহে ঘাটতি—এই জোড়া ফলায় কার্যত কোণঠাসা উত্তরবঙ্গের জনজীবন ও পর্যটন শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *