লেটেস্ট নিউজ

আরামবাগে বিজেপির রথ না থামায় ক্ষুব্ধ কর্মীরাই বিশৃঙ্খলার মুখে পড়ল গেরুয়া শিবির – এবেলা

এবেলা ডেস্কঃ

ঘড়ির কাঁটায় তখন দুপুর আড়াইটে। মঙ্গলবার আরামবাগ শহরের প্রাণকেন্দ্র গৌরহাটি মোড়ে বিজেপির মঞ্চ থেকে ভেসে আসছিল দলীয় প্রচারের গান। পরিবর্তন যাত্রার রথ পুরশুড়া ও খানাকুল হয়ে আরামবাগের বলরামপুরে পৌঁছালে সেখানে বিজেপি নেতা-কর্মীরা ফুল ছুঁড়ে সেটিকে স্বাগত জানান। এরপর বাসুদেবপুর মোড় সংলগ্ন একটি হোটেলের সামনে রথটি বেশ কিছুক্ষণ বিরতি নেয়।

গৌরহাটি মোড় এলাকায় গেরুয়া বেলুন ও বাজনার দল নিয়ে উচ্ছ্বাসে মেতেছিলেন বিজেপি কর্মীরা। বারবার জয় শ্রী রাম স্লোগান দিচ্ছিলেন তাঁরা। বিকেল সাড়ে ৪টে নাগাদ আচমকা রথটি গৌরহাটি মোড় দিয়ে দ্রুত গতিতে বেরিয়ে চলে যায়। রাস্তার ধারে মঞ্চের কাছে ভিড় করে থাকা কর্মীরা কিছু বুঝে ওঠার আগেই রথ শহর ছাড়িয়ে চলে যায়। নির্দিষ্ট কর্মসূচি থাকা সত্ত্বেও আরামবাগ শহরে রথ না থামায় নিচুতলার কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

যদিও দলীয় সূচি মেনে গৌরহাটি মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন বিজেপি বিধায়ক মধুসূদন বাগসহ জেলা নেতৃত্ব। তবে রথ না থামা নিয়ে প্রকাশ্যে কেউ মুখ না খুললেও ভেতরে ভেতরে অসন্তোষ ছড়িয়েছে। কর্মীদের একাংশের মতে, আরামবাগ শহরই সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ, অথচ সেখানেই রথের কোনো বড় কর্মসূচি হলো না। গৌরহাটি মোড় থেকে পল্লিশ্রী পর্যন্ত কর্মীদের যে পদযাত্রার পরিকল্পনা ছিল, তাও বাতিল হওয়ায় হতাশ অনেকে।

এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের রাজ্য সম্পাদক স্বপন নন্দী বলেন, সামান্য কিছু লোক নিয়ে বিজেপির এই রথযাত্রা পুরোপুরি ফ্লপ হয়েছে। রথ না দাঁড়ানোয় কর্মীদের আবেগেই আঘাত লেগেছে। এদিন গোঘাটের কামারপুকুর চটিতে পাল্টা সভা করে বিজেপিকে আক্রমণ শানিয়েছে তৃণমূল নেতৃত্ব।

বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা অবশ্য কর্মীদের ক্ষোভের কথা উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, পাঁচটি বিধানসভা অতিক্রম করে পরিবর্তন যাত্রার রথ ভালো সাড়া পেয়েছে। আরামবাগে কেবল মনীষীদের মূর্তিতে মাল্যদানের কর্মসূচি ছিল, মঞ্চে কোনো অনুষ্ঠানের পরিকল্পনা ছিল না। প্রথমে কর্মীরা বুঝতে না পারলেও পরে বিষয়টি তাঁদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *