রাজ্যজুড়ে রান্নার গ্যাসের চরম সংকট, কেরোসিন সরবরাহের দাবিতে মোদীকে চিঠি রেশন ডিলারদের – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে ভারতে রান্নার গ্যাসের জোগান ও আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে বাংলার মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলির স্বার্থে রেশনের মাধ্যমে কেরোসিন সরবরাহ পুনরায় চালুর দাবি জানিয়েছে ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ২০২২ সাল থেকে রেশনে কেরোসিন বন্ধ থাকায় বিকল্প জ্বালানির অভাবে সংকটে পড়েছেন সাধারণ মানুষ। বর্তমানে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি এবং বুকিং পদ্ধতিতে পরিবর্তনের ফলে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। ডিলারদের মতে, এই সংকটকালে গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে পর্যাপ্ত কেরোসিন সরবরাহ করা হলে স্টোভ জ্বালিয়ে রান্নার কাজ চালিয়ে নেওয়া সম্ভব হবে, যা শহর ও গ্রামের মানুষের জন্য বড় সহায়ক হবে।
অন্যদিকে, রান্নার গ্যাসের এই উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার প্রশাসনিক আধিকারিক ও ডিলারদের সাথে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে তিনি আগামী সোমবার কলকাতায় একটি প্রতিবাদ মিছিলে অংশ নিতে পারেন বলেও জানা গেছে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার বিকল্প কোনো পথ গ্রহণ করে কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।

