নির্বাচনের আগে শুভেন্দুর গড়ে ধাক্কা, বিজেপি ছেড়ে তৃণমূলে উপপ্রধান – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পূর্ব মেদিনীপুরে বড়সড় রাজনৈতিক পটপরিবর্তন ঘটল। মহিষাদল ব্লকের লক্ষ্যা-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অনন্ত বেরা বিজেপি ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। বুধবার বিকেলে মহিষাদলের এক দলীয় সভায় জেলা নেতৃত্বের উপস্থিতিতে তিনি ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নেন। উপপ্রধানের দলবদলের ফলে দীর্ঘদিনের বোর্ড দখল নিয়ে চলা লড়াইয়ে বিজেপি কার্যত কোণঠাসা হয়ে পড়েছে।
লক্ষ্যা-১ গ্রাম পঞ্চায়েতের মোট ১৬টি আসনের মধ্যে বিজেপি ও তৃণমূল উভয়েই ৮টি করে আসন পেয়েছিল। পরবর্তীতে লটারির মাধ্যমে বোর্ড গঠন করে বিজেপি ক্ষমতায় আসে। তবে বর্তমান সমীকরণে অনন্ত বেরার যোগদানের ফলে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯-এ। গাণিতিক হিসেবে এখন তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও অনাস্থা ভোটের মাধ্যমেই চূড়ান্ত ফলাফল এবং বোর্ড দখল স্পষ্ট হবে বলে রাজনৈতিক মহল মনে করছে।
বিজেপি ত্যাগের পর অনন্ত বেরা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই তাঁর এই সিদ্ধান্ত। এদিন উপপ্রধান ছাড়াও বিজেপির প্রাক্তন যুব মোর্চা নেতা সুব্রত চৌধুরী এবং সিপিএমের এক প্রাক্তন পঞ্চায়েত সদস্যাও তৃণমূলে যোগ দেন। শুভেন্দু অধিকারীর জেলায় এই দলবদল গেরুয়া শিবিরের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, যা আগামী নির্বাচনের আগে তৃণমূলের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করল।

