ইরানে স্কুলছাত্রীদের মৃত্যু: মার্কিন লক্ষ্যভেদে ভুলের বিস্ফোরক অভিযোগ – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানের মিনাব কাউন্টির একটি বালিকা বিদ্যালয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ১৬০ জনেরও বেশি ছাত্রীর মৃত্যুর ঘটনায় আমেরিকার দায় থাকার বিস্ফোরক তথ্য সামনে এসেছে। মার্কিন সামরিক তদন্তের প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে, টার্গেট নির্ধারণে মারাত্মক ভুলের জেরে এই প্রাণঘাতী বিপর্যয় ঘটেছে। তদন্তকারীদের মতে, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির সরবরাহ করা পুরনো তথ্যের ভিত্তিতে একটি স্কুল ভবনকে ভুলবশত সামরিক লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারি শাজারা তায়েবে এলিমেন্টারি স্কুলে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি আসলে পাশের একটি ইরানি নৌঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ওই ভবনটি আগে সামরিক কাজে ব্যবহৃত হলেও বর্তমানে সেখানে সাধারণের যাতায়াতের পথ ছিল। তবে টার্গেট কোডিং যাচাই না করেই হামলার পরিকল্পনা করায় এই বিশাল মানবিক বিপর্যয় ঘটে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
আন্তর্জাতিক মহলে এই ঘটনা তীব্র আলোড়ন সৃষ্টি করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, এই হামলা ইরান নিজেই চালিয়ে থাকতে পারে। টোমাহক মিসাইল ব্যবহারের প্রমাণ প্রসঙ্গে তিনি জানান, এই মারণাস্ত্র ইরানের কাছেও রয়েছে। বর্তমানে ঘটনার গভীরে পৌঁছাতে এবং এই গুরুতর গোয়েন্দা ব্যর্থতার কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

