প্রধানমন্ত্রী নিজেই কি ভীত? গ্যাস সিলিন্ডার নিয়ে উত্তাল সংসদ চত্বরে রাহুলের বিস্ফোরক দাবি – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান ও ইজরায়েল যুদ্ধের আবহে ভারতে তীব্র গ্যাস সংকট দেখা দেওয়ায় বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠল সংসদ চত্বর। দেশের বিভিন্ন প্রান্তে এলপিজি সিলিন্ডারের হাহাকার এবং সরবরাহ স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েনের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী সাংসদরা। বাজেট অধিবেশন শুরু হতেই বিরোধীদের প্রবল হাঙ্গামার জেরে সংসদের কার্যক্রম স্থগিত করে দিতে হয়।
সংসদ ভবনের বাইরে বিক্ষোভ চলাকালীন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন। রাহুল দাবি করেন, প্রধানমন্ত্রী মুখে দেশবাসীকে ভয় না পাওয়ার পরামর্শ দিলেও আসলে তিনি নিজেই বিশেষ কিছু ইস্যুতে আতঙ্কিত। রাহুল গান্ধীর কথায়, “প্রধানমন্ত্রী আদানি এবং এপস্টিন ইস্যু নিয়ে উদ্বিগ্ন। সেই কারণেই তিনি সংসদে আসতে পারছেন না। গতকালও ওঁর আসন খালি ছিল। যিনি ভয় না পাওয়ার কথা বলছেন, তিনি নিজেই আজ ভয়ে কুঁকড়ে আছেন।” বিক্ষোভের সময় বিরোধীরা স্লোগান তোলেন, ‘প্রধানমন্ত্রী সংসদে নেই, আর সিলিন্ডারও নেই।’
এই ইস্যুতে মুখ খুলেছেন কংগ্রেস সাংসদ শশী থারুরও। তিনি জানান, গ্যাস সিলিন্ডারের জন্য সাধারণ মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং দামও হু হু করে বাড়ছে। জনস্বার্থে সরকারের উচিত সংসদের ভেতরে এই সংকটের বিষয়ে স্পষ্ট তথ্য দেওয়া এবং দেশবাসীকে আশ্বস্ত করা। থারুর সাফ জানান, সরকার নিজের ইচ্ছামতো চলতে পারে না এবং জনসমস্যার সমাধান নিয়ে সংসদেই জবাবদিহি করতে হবে।

