উত্তাল পারস্য উপসাগর, ইরানি হামলায় জ্বলছে ৬টি জাহাজ, বিশ্বজুড়ে তেলের বাজারে বড়সড় সংকটের আশঙ্কা – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ এবার চরমে পৌঁছেছে। পারস্য উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ছয়টি বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ধারাবাহিক হামলায় একটি তেলের ট্যাংকারে বিস্ফোরক বোঝাই ইরানি বোটের আঘাতে একজন ক্রু সদস্য নিহত হয়েছেন এবং দুটি জাহাজ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান অভিমুখে আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর থেকেই এই জলপথে উত্তজনা বাড়ে। সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, পারস্য উপসাগরে আরও চারটি জাহাজে ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ করা হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এই অঞ্চলে আক্রান্ত জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৬টিতে। বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই রুট দিয়ে পরিবহন করা হয়, যা এখন কার্যত অচল হওয়ার মুখে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বেড়ে ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ইরানের রেভল্যুশনারি গার্ডস কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তাদের ওপর হামলা অব্যাহত থাকলে আমেরিকা, ইসরায়েল বা তাদের মিত্র রাষ্ট্রগুলোর জন্য এই পথ দিয়ে ‘এক লিটার তেলও’ রপ্তানি করতে দেওয়া হবে না। পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি দাবি করেছেন, ইরানের নৌবাহিনীর সিংহভাগই ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে। ইরান যদি তেল রপ্তানি বন্ধের চেষ্টা করে, তবে ওয়াশিংটন আরও ভয়াবহ প্রত্যাঘাত করবে বলে তিনি সতর্ক করেছেন।

