শুরু হচ্ছে ইংল্যান্ডের দ্য হানড্রেড টুর্নামেন্ট রিচা স্মৃতি ম্যাজিক এবার ম্যাঞ্চেস্টারের জার্সিতে – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বকাপ জয়ী বাঙালি কন্যা রিচা ঘোষ এবার বিদেশের মাটিতেও দাপট দেখাতে প্রস্তুত। ইংল্যান্ডের হাই-প্রোফাইল ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এ ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসের হয়ে মাঠে নামবেন তিনি। সঞ্জীব গোয়েন্কার মালিকানাধীন এই দল রিচাকে ৫০ হাজার পাউন্ড বা ভারতীয় মুদ্রায় প্রায় ৬২ লক্ষ টাকায় দলে নিয়েছে।
এই দলে রিচার সঙ্গী হিসেবে থাকছেন ভারতীয় দলের তারকা ওপেনার স্মৃতি মন্ধানা। সাম্প্রতিক ডব্লিউপিএল-এ আরসিবি-র হয়ে শিরোপা জয়ের পর আবারও একই দলের জার্সিতে ২২ গজে দেখা যাবে এই জুটিকে। রিচা ও স্মৃতি ছাড়াও ম্যাঞ্চেস্টার শিবিরে থাকছেন মেগ ল্যানিং এবং সোফি একলেস্টোনের মতো বিশ্বখ্যাত ক্রিকেটাররা।
ভারতের অন্যান্য তারকাদের মধ্যে দীপ্তি শর্মাকে ৩৪ লক্ষ টাকায় দলে নিয়েছে সানরাইজার্স লিডস। অন্যদিকে জেমাইমা রদ্রিগেজ খেলবেন সাদার্ন ব্রেভের হয়ে। তালিকায় নাম রয়েছে যস্তিকা ভাটিয়া এবং শ্রী চরণীরও। তবে এবারের টুর্নামেন্টে ভারতের রমরমা থাকলেও ব্রাত্য রয়ে গেছেন পাকিস্তানের মহিলা ক্রিকেটাররা। মুনিবা আলি বা ফতিমা সানার মতো পাক ক্রিকেটাররা নিলামে নাম লেখালেও কোনো দলই তাঁদের প্রতি আগ্রহ দেখায়নি।
সব মিলিয়ে ইংল্যান্ডের এই ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলার রিচা ঘোষের পারফরম্যান্সের দিকে তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেট মহল।

