লেটেস্ট নিউজ

হাওড়ায় কিশোরীর রহস্যমৃত্যুর ঘটনায় উত্তাল এলাকা গ্রেফতার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার – এবেলা

এবেলা ডেস্কঃ

হাওড়ার উদয়নারায়ণপুরে এক কিশোরীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর মানসিক আঘাতে ওই কিশোরী আত্মঘাতী হয়েছে বলে দাবি পরিবারের। এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার লাল্টু মুখোপাধ্যায়কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে তোলা হবে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিশোরীটি তার মায়ের সঙ্গে স্থানীয় একটি কালীপূজা দেখতে গিয়েছিল। অভিযোগ, সেই সময় ভিড়ের সুযোগ নিয়ে লাল্টু ওই কিশোরীর শ্লীলতাহানি করে। এই ঘটনাকে কেন্দ্র করে মণ্ডপ চত্বরে উত্তেজনা ছড়ায় এবং স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িক শান্ত হয়। বাড়ি ফেরার পর কিশোরীটি তার মাকে বিস্তারিত জানায় এবং রাতে খাবার খেয়ে ঘুমানোর কথা বলে নিজের ঘরে চলে যায়। পরে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় শোকের ছায়া নেমে আসে পরিবারে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক পেঁড়ো থানার সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে পকসো আইন এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান। কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *