লেটেস্ট নিউজ

জ্বালানি সংকট মোকাবিলায় কেন্দ্রের অতিরিক্ত কেরোসিন বরাদ্দ, স্বস্তিতে বাংলা – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনার আবহে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, এলপিজির বিকল্প হিসেবে রাজ্যগুলির জন্য ৪০,০০০ কিলোলিটার অতিরিক্ত কেরোসিন বরাদ্দ করা হয়েছে। একইসঙ্গে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ও কয়লার সরবরাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে দেশে অপরিশোধিত তেলের মজুত নিরাপদ এবং পেট্রোল পাম্পগুলোতে জ্বালানির কোনো ঘাটতি নেই।

উদ্ভূত পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের জন্য ৪,১৬৪ কিলোলিটার কেরোসিন তেল বরাদ্দ করেছে মোদী সরকার। রান্নার গ্যাসের জোগান ও দাম নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের কথা মাথায় রেখে ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’ প্রধানমন্ত্রীর কাছে কেরোসিন সরবরাহ সচল রাখার আবেদন জানিয়েছিল। মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাব রুখতে এবং মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোকে স্বস্তি দিতেই এই বিশেষ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামীণ এলাকায় ৪৫ দিন এবং শহরাঞ্চলে ২৫ দিনের মধ্যে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সমুদ্রপথে জাহাজ ও ভারতীয় নাবিকদের নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া, সোশ্যাল মিডিয়ায় জ্বালানি সংকট সংক্রান্ত যেকোনো গুজব এড়াতে তথ্য ও সম্প্রচার মন্ত্রক কড়া নির্দেশিকা জারি করেছে। দেশের তেল ও গ্যাস সরবরাহ পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *