বাসন মাজার চরম অপমান সয়েও বিশ্বকাপে পাকিস্তান হকি দল, অভাবনীয় পুরস্কার ঘোষণা পিসিবি প্রধান মহসিন নকভির – এবেলা
এবেলা ডেস্কঃ
টাকার অভাবে হোটেলে বাসন মাজতে হয়েছে, থাকতে হয়েছে গাদাগাদি করে। পাকিস্তান হকি ফেডারেশনের চরম উদাসীনতায় অস্ট্রেলিয়ার মাটিতে নজিরবিহীন হেনস্থার শিকার হতে হয়েছিল খেলোয়াড়দের। কিন্তু সব বাধা উপেক্ষা করে ২০২৬ হকি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। মাঠের এই লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানিয়ে এবার বিশেষ পুরস্কারের ঘোষণা দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নকভি।
যোগ্যতা অর্জন পর্বের সেমিফাইনালে জাপানকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে পাকিস্তান। যদিও ফাইনালে ইংল্যান্ডের কাছে তারা পরাজিত হয়, কিন্তু দীর্ঘ খরা কাটিয়ে বিশ্বমঞ্চে ফিরেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই সাফল্যে অভিভূত মহসিন নকভি জানিয়েছেন, দুস্থ ও লড়াকু হকি খেলোয়াড়দের পাকিস্তান ক্রিকেট বোর্ডে চাকরির সুযোগ করে দেওয়া হবে। পাশাপাশি খেলোয়াড়দের ফিটনেস বজায় রাখা এবং উন্নত চিকিৎসার যাবতীয় দায়ভারও নেবে পিসিবি।
অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে পকেটে টাকা না থাকায় চরম অর্থকষ্টে দিন কাটাতে হয়েছে পাক হকি তারকাদের। হোটেলের বিল মেটাতে না পারায় রান্নাঘর পরিষ্কার করা থেকে শুরু করে বাসন মাজার মতো কাজও করতে হয়েছে তাঁদের। এমন অপমানের পরেও দেশের জার্সিতে জান লড়িয়ে দিয়েছেন তাঁরা। উল্লেখ্য, হকি বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানই সফলতম দল। এর আগে ১৯৭১, ১৯৭৮, ১৯৮২ এবং ১৯৯৪ সালে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। ২০২৩ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও, ২০২৬ আসরে ভারত, অস্ট্রেলিয়া, জার্মানির মতো শক্তিশালী দলগুলোর সঙ্গেই লড়বে পাকিস্তান।

