বিশ্বকাপ জয়ের ভিডিওতে ক্রিকেটারদের ছাপিয়ে শুধুই জয় শাহ? উত্তাল নেটপাড়া – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের অবিস্মরণীয় জয়ের রেশ এখনও কাটেনি। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও ইশান কিষাণদের বিধ্বংসী ব্যাটিংয়ের মুহূর্তগুলো যখন ক্রিকেটপ্রেমীরা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন, ঠিক সেই আবহেই একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর সেই ভিডিও ঘিরেই দানা বেঁধেছে নতুন বিতর্ক।
বিসিসিআইয়ের পক্ষ থেকে শেয়ার করা ৩৮ সেকেন্ডের ওই ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘যে দৃশ্য গোটা দেশের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।’ ভারতের এই ঐতিহাসিক জয়ের আনন্দ ও কিছু খাঁটি মুহূর্ত তুলে ধরাই ছিল ভিডিওটির উদ্দেশ্য। তবে বিপত্তি বেঁধেছে ভিডিওর দৃশ্য নিয়ে। অভিযোগ উঠেছে, মাত্র কয়েক সেকেন্ডের এই ক্লিপিংসে ক্রিকেটারদের চেয়েও আইসিসি চেয়ারম্যান তথা জয় শাহর উপস্থিতি অনেক বেশি প্রকট।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে যেমন ভক্তদের ভালোবাসা ও লাইক উপচে পড়ছে, অন্যদিকে শুরু হয়েছে তীব্র কটাক্ষ। সমালোচকদের একাংশ বিদ্রুপ করে বলছেন, এই ভিডিওর নাম হওয়া উচিত ছিল ‘আপ জয় শাহ কোই’। ক্রিকেটারদের কৃতিত্বের চেয়ে প্রশাসনিক কর্তার মুখ বারবার ফিরে আসায় বিসিসিআইয়ের প্রচার কৌশলের সমালোচনা করছেন নেটিজেনদের বড় একটি অংশ।

