লেটেস্ট নিউজ

তিলোত্তমায় স্বস্তির কালবৈশাখী, ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজল কলকাতা ও সংলগ্ন এলাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

দিনভর ভ্যাপসা গরম আর অস্বস্তির পর বৃহস্পতিবার সন্ধ্যায় কালবৈশাখীর বৃষ্টিতে ভিজল কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়েই বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি নামে তিলোত্তমায়। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ কিছুটা নামলেও, অফিসফেরত যাত্রীরা সাময়িকভাবে ভোগান্তির মুখে পড়েন। শহরের উত্তর থেকে দক্ষিণ—বিস্তীর্ণ অংশে বজ্রপাতের জেরে জনজীবন কিছুটা স্তব্ধ হয়ে যায়।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি একটি সক্রিয় অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই জোড়া সিস্টেমের প্রভাবেই মূলত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। হঠাৎ এই অকাল বর্ষণে সাধারণ মানুষ সাময়িক স্বস্তি পেলেও বজ্রপাত নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

আগামী কয়েকদিন কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাহাড়ি এলাকায় ধস নামার এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। আগামী কয়েকদিন রাজ্যজুড়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *