মমতার রিপোর্ট কার্ড জমা দেওয়ার আর্জি ফেরাল রাইসিনা হিল রাষ্ট্রপতির সাক্ষাত পেল না তৃণমূল – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের আদিবাসী উন্নয়নের খতিয়ান বা ‘রিপোর্ট কার্ড’ রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের আবেদন খারিজ করে দিল রাষ্ট্রপতি ভবন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডেরেক ও’ব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার সময় চেয়েছিলেন। তবে সময়ের অভাবের কথা জানিয়ে সেই আর্জি আপাতত প্রত্যাখ্যান করা হয়েছে।
সম্প্রতি শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে রাজ্য প্রশাসন ও রাজভবনের মধ্যে সংঘাত চরম আকার নেয়। জনজাতি সমাজের প্রতিনিধি হয়েও তাঁকে যথাযথ প্রোটোকল দেওয়া হয়নি বলে সরব হয়েছিলেন রাষ্ট্রপতি নিজে। পাল্টা মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, রাজ্য কোনো নিয়ম লঙ্ঘন করেনি এবং রাষ্ট্রপতি বিজেপির কথায় চলছেন। এই বাদানুবাদের আবহেই আদিবাসী কল্যাণে রাজ্য সরকারের ‘মাইলফলক’ পদক্ষেপগুলি তুলে ধরতে রাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিল শাসকদল।
গত ৯ মার্চ লেখা চিঠিতে তৃণমূলের ১২ থেকে ১৫ জন সাংসদ ও মন্ত্রীর প্রতিনিধি দলের জন্য সময় চাওয়া হয়েছিল। রাষ্ট্রপতি ভবন সেই আবেদন নাকচ করে দিলেও হাল ছাড়ছে না তৃণমূল। জানা গেছে, আগামী সপ্তাহে সাক্ষাতের জন্য পুনরায় আবেদন জানিয়েছে বাংলার শাসকদল। এখন দেখার, দ্বিতীয় দফায় রাইসিনা হিল থেকে সবুজ সংকেত মেলে কি না।

