লেটেস্ট নিউজ

সংকটে পশ্চিম এশিয়া: ভারতে এলএনজি ও রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া হওয়ার আশঙ্কা – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ায় ইজ়রায়েল-ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ভারতে প্রাকৃতিক গ্যাস ও এলপিজি সরবরাহ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। অপরিশোধিত তেলের ক্ষেত্রে ভারতের হাতে একাধিক বিকল্প দেশ থাকলেও, তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজির জন্য নয়াদিল্লি মূলত কাতার ও ওমানের মতো গুটিকতক আরব রাষ্ট্রের ওপর নির্ভরশীল। যুদ্ধের কারণে ওই অঞ্চল থেকে সরবরাহ ব্যাহত হওয়ায় এবং হরমুজ় প্রণালী বন্ধ থাকায় আমদানিতে বড়সড় বাধা সৃষ্টি হয়েছে।

পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে খবর, ভারতের মোট এলপিজি চাহিদার প্রায় ৭০ শতাংশই আসে পশ্চিম এশিয়া থেকে। বর্তমানে বিকল্প হিসেবে আমেরিকা ও অস্ট্রেলিয়ার কথা ভাবা হলেও, অতিরিক্ত পরিবহন খরচের কারণে জ্বালানির দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা থাকছে। রাশিয়া থেকে গ্যাস আমদানির সম্ভাবনা থাকলেও পরিকাঠামো ও পাইপলাইনের অভাবে তা আপাতত অনিশ্চিত। ফলে দেশজুড়ে সিএনজি চালিত যানবাহন এবং বাণিজ্যিক সিলিন্ডারের সরবরাহে টান পড়তে শুরু করেছে।

সরবরাহ সংকটের জেরে ইতিমধ্যেই ঘরোয়া সিলিন্ডারের দাম ৬০ টাকা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে সাধারণ মানুষের হেঁশেলের খরচ আরও বাড়ার ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা। সরকার বর্তমানে ৪০টি দেশ থেকে তেল আমদানির ব্যবস্থা করলেও গ্যাসের ক্ষেত্রে বিকল্প উৎসের অভাব মোদী প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। হোটেল-রেস্তরাঁ থেকে শুরু করে পরিবহন ক্ষেত্র, সর্বত্রই এই জ্বালানি সংকটের প্রভাব পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *