লেটেস্ট নিউজ

হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলে ইরানের সবুজ সংকেত, স্বস্তিতে ভারত – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মাঝে ভারতের জন্য স্বস্তির খবর নিয়ে এল ইরান। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনার পর হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে তেহরান। বর্তমানে পারস্য উপসাগরে আটকে থাকা ২৮ থেকে ৩৬টি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার শীঘ্রই দেশের পথে রওনা হতে পারে। এর ফলে দেশের বাজারে জ্বালানি সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা অনেকাংশেই প্রশমিত হবে বলে মনে করা হচ্ছে।

ভৌগোলিক অবস্থান অনুযায়ী, হরমুজ প্রণালী থেকে গুজরাটের কান্দলা বন্দরের দূরত্ব প্রায় ১,০০০ কিলোমিটার এবং মুম্বাইয়ের দূরত্ব প্রায় ১,৪৫০-১,৫৬০ কিলোমিটার। পণ্যবাহী ভারী জাহাজগুলো সাধারণত ঘণ্টায় ২৪ থেকে ৩১ কিলোমিটার গতিতে চলাচল করে। সেই হিসেবে হরমুজ থেকে যাত্রা শুরু করলে কান্দলা পৌঁছাতে প্রায় দেড় দিন এবং মুম্বাই পৌঁছাতে দুই দিনের কিছু বেশি সময় লাগতে পারে। তবে আবহাওয়া ও রুটের পরিস্থিতির ওপর ভিত্তি করে এই সময়সীমা তিন দিন পর্যন্ত হতে পারে।

নিরাপত্তা নিশ্চিতে ভারত সরকার ও নৌবাহিনী বর্তমানে উচ্চ সতর্কতায় রয়েছে। হরমুজ প্রণালী ইরান ও ওমানের মধ্যবর্তী অত্যন্ত সংকীর্ণ একটি জলপথ হওয়ায় সেখানে ইরানি নৌবাহিনীর কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে ভারতীয় নৌবাহিনী যুদ্ধজাহাজ পাঠিয়ে পাহারা বা ‘এসকর্ট’ দেওয়ার পরিকল্পনা করেছে। সরকারের এই তৎপরতা আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত এবং নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *