লেটেস্ট নিউজ

আকাশ কাঁপিয়ে নামল স্বস্তির বৃষ্টি কালবৈশাখীর ঝোড়ো হাওয়ায় তিলোত্তমায় উধাও ভ্যাপসা গরম – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা ও শহরতলিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে স্বস্তির বৃষ্টি নামল। বৃহস্পতিবার সারাদিন গুমোট গরম আর অস্বস্তিকর আবহাওয়ার পর সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টিতে ভিজল কলকাতা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়েই বিকেলের পর থেকে আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। ঝোড়ো হাওয়া আর বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ কিছুটা নামলেও অফিসফেরত যাত্রীরা সাময়িকভাবে ভোগান্তির মুখে পড়েন।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর পাশাপাশি একটি অক্ষরেখা সক্রিয় থাকায় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। এই জোড়া সিস্টেমের প্রভাবেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ের জেলাগুলোতে ধস নামার আশঙ্কাও রয়েছে। অন্যদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *