লেটেস্ট নিউজ

সাইকেল সারাতে বেরিয়ে নিখোঁজ বিহারের রামেশ্বর, কয়েক বছর পর বকখালির সৈকতে মিলল হদিশ – এবেলা

এবেলা ডেস্কঃ

বাস্তবের গল্পকেও হার মানাল বকখালি সমুদ্রসৈকতের এক অলৌকিক ঘটনা। দীর্ঘ কয়েক বছর নিখোঁজ থাকার পর অবশেষে নিজের পরিবারের কাছে ফিরলেন বিহারের মুজাফফরপুর জেলার বাসিন্দা ৫৫ বছর বয়সী রামেশ্বর রায়। দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে কর্তব্যরত এক সিভিল ডিফেন্স কর্মীর মানবিক তৎপরতায় এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে।

জানা গিয়েছে, বকখালি সমুদ্রতটে টহল দেওয়ার সময় সিভিল ডিফেন্স কর্মী অনুপ শাসমল লক্ষ্য করেন এক ব্যক্তি উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন। সন্দেহ হওয়ায় তিনি কথা বলতে এগিয়ে গেলে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটকে দুপুরের খাবার খাইয়ে আশ্বস্ত করার পর ধীরে ধীরে কথা বলতে শুরু করেন অনুপবাবু। সেই কথোপকথনেই বেরিয়ে আসে আসল পরিচয়। রামেশ্বর রায় জানান, তার বাড়ি বিহারের মুজাফফরপুর জেলার রক্সা গ্রামে।

পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, কয়েক বছর আগে একদিন সাইকেল সারানোর কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন রামেশ্বর। তারপর আর ফেরেননি। পরিবারের সদস্যরা স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করে দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন। সিভিল ডিফেন্স কর্মীদের উদ্যোগে ভিডিও কলের মাধ্যমে রামেশ্বরকে তার স্ত্রীর সঙ্গে কথা বলানো হয়। প্রিয়জনকে ফিরে পাওয়ার খবর পেয়েই বিহার থেকে তার ভাই ও ভাইপো বকখালিতে পৌঁছান। সুন্দরবন পুলিশ জেলা, সাগরের এসডিপিও এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের এই মানবিক ভূমিকার প্রশংসা করেছেন রামেশ্বরের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *