গড়াপেটার দায়ে নির্বাসিত কেকেআরের প্রাক্তন তারকা সহ দুই কর্মকর্তা – এবেলা
এবেলা ডেস্কঃ
ক্রিকেটে দুর্নীতির বিরুদ্ধে ফের কঠোর অবস্থান নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ম্যাচ গড়াপেটার গুরুতর অভিযোগে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার জাভন সার্লেসসহ দুই ক্রিকেট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত অন্য দুই ব্যক্তি হলেন চিত্রঞ্জন রাঠোড় এবং ট্রেভন গ্রিফিথ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এবং আইসিসি-র যৌথ তদন্তের ভিত্তিতে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
২০২৩-২৪ মরসুমে বার্বাডোসে আয়োজিত ‘বিআইএম১০’ লিগে ম্যাচ গড়াপেটা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির পথে প্ররোচিত করার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। জাভন সার্লেস, যিনি ২০১৮ সালে আইপিএলে কেকেআর-এর হয়ে মাঠে নেমেছিলেন, তাঁর বিরুদ্ধে মোট চারটি নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, টাইটানস দলের মালিক চিত্রঞ্জন রাঠোড় এবং ট্রেভন গ্রিফিথের বিরুদ্ধেও একাধিক ধারায় অভিযোগ জমা পড়েছে।
আইসিসি-র তদন্তকারী দল জানিয়েছে, অভিযুক্তরা ম্যাচের ফলাফল এবং অগ্রগতি অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। শুধু তাই নয়, তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা না করার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতে তিনজনকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য তাঁদের ১৪ দিন সময় দেওয়া হয়েছে। আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ স্পষ্ট করে দিয়েছে যে, ক্রিকেটের স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।

