লেটেস্ট নিউজ

২০১৬ থেকে ২০২৬ নোটবন্দির পর এবার গ্যাসবন্দি ইস্যুতে মোদি সরকারকে তুলোধোনা তৃণমূলের – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশজুড়ে রান্নার গ্যাসের তীব্র সংকট এবং ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস। ২০১৬ সালের নোটবন্দি থেকে শুরু করে ২০২৬ সালের বর্তমান গ্যাস সংকট—সাধারণ মানুষকে বারবার দীর্ঘ লাইনে দাঁড় করিয়ে হেনস্থা করার অভিযোগে সরব হয়েছে ঘাসফুল শিবির।

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বলেন, দিল্লিতে মোদি সরকার এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। গ্যাস সরবরাহ ব্যাহত হওয়া সত্ত্বেও কেন্দ্র মানুষকে মিথ্যে আশ্বাস দিচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, উজ্জ্বলা যোজনার বেলুন এখন ফুটো হয়ে গেছে। রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ৬০ টাকা বাড়িয়ে ১০০০ টাকায় নিয়ে গিয়ে গৃহস্থের হেঁশেলে আগুন লাগিয়েছে কেন্দ্র। ১২ বছর ধরে দেশে একটি পরিকল্পনাহীন সরকার চলছে বলেও তিনি কটাক্ষ করেন।

তৃণমূলের পক্ষ থেকে তাদের এক্স হ্যান্ডেলে (পুরনো টুইটার) একটি পোস্ট শেয়ার করে জানানো হয়েছে, নরেন্দ্র মোদির জমানায় সাধারণ মানুষকে বারবার লাইনে দাঁড়িয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ২০১৬ সালে নোটবন্দির সময় এটিএম-এর লাইন, ২০২০ সালে করোনা আবহে অক্সিজেনের লাইন এবং ২০২৫-২৬ সালে ভোটাধিকার রক্ষার লাইনের পর এবার ২০২৬ সালে গ্যাসের জন্য হাহাকার শুরু হয়েছে। যুদ্ধের আবহে গ্যাসের ঘাটতি দেখা দেওয়ায় বুকিং করেও গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে মানুষ বাধ্য হয়ে দোকানের সামনে লম্বা লাইন দিচ্ছে। চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্যে যাতে রান্নার গ্যাসের সংকটে মিড ডে মিল বন্ধ না হয়, সেদিকে কড়া নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের এই দিশাহীন নীতির বিরুদ্ধে আমজনতা এখন জবাব চাইছে বলে দাবি করেছে তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *