লেটেস্ট নিউজ

মোদী ভবনে বৈঠকে চূড়ান্ত ১৪০ প্রার্থী, লড়াইয়ের ময়দানে শুভেন্দু ও দিলীপ – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে তৎপরতা বাড়াল বিজেপি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে প্রায় ১৪০টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে ঐকমত্য তৈরি হয়েছে। বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে মূলত দলের পুরনো ও সাংগঠনিকভাবে দক্ষ কর্মীদের ওপর ভরসা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সুপারিশকে গুরুত্ব দিয়ে স্বচ্ছ ভাবমূর্তি ও জয়ের সম্ভাবনা বিচার করে প্রার্থী বাছাই করা হচ্ছে।

সূত্র মারফত জানা গিয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবারও নন্দীগ্রাম থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। অন্যদিকে, খড়গপুর কেন্দ্র থেকে লড়তে পারেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়া আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল এবং কাঁথি আসনে দিব্যেন্দু অধিকারীর নাম উঠে এসেছে। বর্তমান বিধায়কদের অধিকাংশকেই পুনরায় টিকিট দেওয়ার সম্ভাবনা থাকলেও, সংগঠনের শক্তি বাড়াতে তালিকায় বেশ কিছু নতুন, তরুণ ও মহিলা মুখের চমক থাকতে পারে বলে জানা যাচ্ছে।

বৈঠক শেষে শুভেন্দু অধিকারী প্রার্থীর চেয়েও দলীয় প্রতীক ও প্রধানমন্ত্রীর নেতৃত্বকে বেশি গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছেন। বর্তমানে ২৯৪টি আসনের মধ্যে বাকি ১৫৪টি আসন নিয়ে দিল্লিতে দফায় দফায় আলোচনা চালাচ্ছে বিজেপির কোর কমিটি। নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করলেই আনুষ্ঠানিকভাবে প্রথম দফার এই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আপাতত শেষ মুহূর্তের সমীকরণ মিলিয়ে প্রার্থী তালিকায় চূড়ান্ত সিলমোহর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *