গ্যাস সংকটে দিশেহারা মালদহ: বিকল্প হিসেবে বাড়ছে ইন্ডাকশন ওভেনের চাহিদা – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে উত্তাল আন্তর্জাতিক জ্বালানি বাজার, যার সরাসরি প্রভাব পড়েছে মালদহের রান্নার গ্যাস সরবরাহে। জেলায় সিলিন্ডারের তীব্র সংকট দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহক থেকে শুরু করে হোটেল ব্যবসায়ীরা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কিংবা আগাম বুকিং করেও সময়মতো গ্যাস না মেলায় জনজীবনে নাভিশ্বাস উঠেছে।
এই প্রতিকূল পরিস্থিতিতে রান্নার গ্যাসের বিকল্প হিসেবে সাধারণ মানুষ এখন বৈদ্যুতিক ইন্ডাকশন ওভেনের দিকে ঝুঁকছেন। মালদহ শহরের অতুলচন্দ্র মার্কেটসহ বিভিন্ন ইলেকট্রনিক দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। বর্তমানে বাজারে ১২০০ টাকা থেকে শুরু করে ৩৫০০ টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ইন্ডাকশন ওভেন পাওয়া যাচ্ছে, যা এখন অনেক পরিবারের প্রধান ভরসা হয়ে দাঁড়িয়েছে।
ব্যবসায়ীদের মতে, চাহিদার তুলনায় জোগান কমলে ভবিষ্যতে এসব বৈদ্যুতিক সরঞ্জামের দাম আরও বাড়তে পারে। স্থানীয় ক্রেতা চন্দন কর্মকার জানান, গ্যাসের অনিশ্চয়তা এড়াতেই তিনি আগেভাগে ইন্ডাকশন কিনে রাখছেন। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও বিভিন্ন মডেলের ওপর আকর্ষণীয় ছাড় মিলছে, যা এই সংকটকালে সাধারণ মানুষের সাশ্রয়ে সাহায্য করছে।

