লেটেস্ট নিউজ

বঙ্গ বিধানসভায় বিজেপির পুরনো মুখেই ভরসা, ১৪০ আসনে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী বাছাই প্রক্রিয়া জোরদার করল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে আয়োজিত কেন্দ্রীয় নির্বাচনী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে পশ্চিমবঙ্গের প্রায় ১৪০টি আসনের প্রার্থীর নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। এই বৈঠকে বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর মূলত অভিজ্ঞ ও পুরনো প্রার্থীদের ওপরই আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।

দলীয় সূত্রের খবর, প্রথম দফার তালিকায় বড় কোনো চমক না থাকলেও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে খড়গপুর সদর আসন থেকে প্রার্থী করার প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বর্তমান বিধায়ক অগ্নিমিত্রা পল পুনরায় টিকিট পেতে পারেন বলে জানা গেছে। তবে অধিকাংশ বর্তমান বিধায়ককে ধরে রাখলেও পারফরম্যান্সের ভিত্তিতে কয়েকজন প্রার্থীর নাম বাদ পড়তে পারে বলেও জল্পনা চলছে।

নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার পরেই বিজেপি তাদের প্রথম আনুষ্ঠানিক প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে। আগামী ১৪ মার্চ কলকাতায় প্রধানমন্ত্রীর ব্রিগেড সভার পরেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী কৌশল অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে রাজ্যের ২৯৪টি আসনেই শক্তিশালী প্রার্থী দেওয়ার লক্ষ্যে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের কোর গ্রুপ দফায় দফায় বৈঠক চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *