বাড়িতে এলপিজি সিলিন্ডার মজুতের নিয়ম, অমান্য করলে হতে পারে জেল – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে ভারতে এলপিজি সিলিন্ডার সরবরাহে সাময়িক ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। কেন্দ্র আশ্বস্ত করেছে যে সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না, তবে এই পরিস্থিতিতে অনেক গ্রাহকই আগেভাগে বাড়তি সিলিন্ডার বুক করছেন। এই প্রেক্ষাপটে বাড়িতে রান্নার গ্যাস মজুত রাখার আইনি সীমা জেনে রাখা জরুরি।
সরকারি নিয়ম অনুযায়ী, একটি সাধারণ পরিবার বাড়িতে সর্বোচ্চ দুটি ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার রাখতে পারে। এর মধ্যে একটি ব্যবহারের জন্য এবং অন্যটি ব্যাক-আপ হিসেবে রাখা বৈধ। এলপিজি অত্যন্ত দাহ্য পদার্থ হওয়ায় নিরাপত্তার খাতিরে এর বেশি সিলিন্ডার মজুত করার ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।
নির্ধারিত সীমার অতিরিক্ত সিলিন্ডার মজুত করা ‘হোর্ডিং’ বা বেআইনি মজুতদারি হিসেবে গণ্য হয়। এই নিয়ম লঙ্ঘন করলে অভিযুক্তের তিন মাস থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তাই আইনি জটিলতা ও বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সিলিন্ডার মজুতের ক্ষেত্রে নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

