ইরাকে মার্কিন সামরিক বিমান দুর্ঘটনা, দায় স্বীকার করল ইরানপন্থী গোষ্ঠী – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি ‘KC-135 স্ট্রাটোট্যাঙ্কার’ সামরিক বিমান ভেঙে পড়েছে। ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন এই দুর্ঘটনায় বিমানটিতে পাঁচজন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ। ঘটনার পরপরই ওই এলাকায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে পেন্টাগন জানিয়েছে, এ পর্যন্ত সাতজন মার্কিন সেনা নিহত এবং প্রায় ১৪০ জন আহত হয়েছেন।
ইরাকে সক্রিয় ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ এই বিমানটি ভূপাতিত করার দায় স্বীকার করেছে। তাদের দাবি, দেশের সার্বভৌমত্ব ও আকাশসীমা রক্ষার লক্ষ্যেই তারা এই হামলা চালিয়েছে। তবে মার্কিন সামরিক কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই দুর্ঘটনার পেছনে শত্রুপক্ষের হামলার কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের মধ্যে এটি চতুর্থ মার্কিন বিমান দুর্ঘটনার ঘটনা। গত সপ্তাহেই কুয়েতি বাহিনীর ভুলবশত গুলিতে তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। মার্কিন প্রতিরক্ষা দফতর জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে।

