লেটেস্ট নিউজ

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র থেকে কোনোক্রমে প্রাণ হাতে ফিরলেন লারা দত্ত – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ায় ইজরায়েল-আমেরিকা বনাম ইরানের রক্তক্ষয়ী যুদ্ধের আবহে দুবাইয়ে আটকে পড়েছিলেন বলিউড অভিনেত্রী লারা দত্ত ও তাঁর কন্যা সাইরা। মেয়ের টেনিস প্রশিক্ষণের জন্য সেখানে গেলেও পরিস্থিতির চরম অবনতি হওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটছিল তাঁদের। জেবল আলি বন্দর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থানকালে মুহুর্মুহু বোমাবর্ষণের সাক্ষী থাকেন অভিনেত্রী। এই প্রতিকূলতার মাঝেই কোনোক্রমে দুবাই থেকে ফুজাইরাহ পৌঁছে সেখান থেকে বিমানে ভারতে ফেরেন তিনি।

দেশে ফিরে লারা তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। তিনি জানান, যে এলাকায় তাঁরা ছিলেন সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে ক্রমাগত হামলা চলছিল। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাঁদের ফুজাইরাহ বন্দরে পৌঁছাতে হয়, যেখানে আগের দিনই তৈল শোধনাগারে বিস্ফোরণ ঘটেছিল। অক্ষয় কুমারের সাথে কথোপকথনের উল্লেখ করে লারা রসিকতা করে জানান, তাঁর বাস্তব অভিজ্ঞতা যেন ‘এয়ারলিফট’ সিনেমার দৃশ্যকেও হার মানিয়েছে।

বিপজ্জনক এই সফর শেষে সপরিবারে নিরাপদে দেশে ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অভিনেত্রী। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের ভয়াবহতা সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে তুলে ধরে তিনি সাধারণ মানুষের উদ্বেগের কথা জানান। স্বামী মহেশ ভূপতি লন্ডনে থাকায় এই কঠিন সময়ে মেয়েকে নিয়ে একাই লড়াই করতে হয়েছে তাঁকে। তবে চরম উত্তেজনার মাঝেও সংযুক্ত আরব আমিরশাহী প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেছেন এই তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *