ব্রিগেডে মোদির সভার দিন বৃষ্টির ভ্রুকুটি, উত্তর ও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস – এবেলা
এবেলা ডেস্কঃ
শনিবার কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাইভোল্টেজ জনসভা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ওইদিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। তবে রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে আসা সমর্থকদের জন্য দুশ্চিন্তা বাড়াচ্ছে বৃষ্টির পূর্বাভাস। বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া প্রতিকূল থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী পাঁচ-ছয় দিন দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে বাড়তে থাকা তাপমাত্রা সাময়িকভাবে কমবে এবং স্থানীয় বাসিন্দারা দহনজ্বালা থেকে কিছুটা রেহাই পাবেন।
দক্ষিণবঙ্গে সপ্তাহের শুরু থেকেই বৃষ্টির দাপট বাড়বে। রবি থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে জলীয় বাষ্প ঢুকে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। সেই সময় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

