টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বিশ্রামের অবকাশ নেই টিম ইন্ডিয়ার, বছরভর ঠাসা ক্রীড়াসূচি – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলেও মাঠ থেকে দূরে থাকার অবকাশ নেই ভারতীয় ক্রিকেটারদের। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএল-এর জন্য দ্রুতই ফ্র্যাঞ্চাইজি দলগুলোর অনুশীলনে যোগ দিতে হবে খেলোয়াড়দের। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে লক্ষ্য রেখে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনে বছরজুড়ে একাধিক দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেবে টিম ইন্ডিয়া।
জুন থেকে ডিসেম্বর পর্যন্ত অত্যন্ত ব্যস্ত সূচি অপেক্ষা করছে ভারতের জন্য। জুনে আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ দিয়ে মরসুম শুরু হবে, যার মধ্যে রয়েছে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে। এরপর জুলাইয়ে ইংল্যান্ড সফরে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে ভারত। আগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের পর সেপ্টেম্বর-অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ দলের ভারত সফর এবং জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসেও অংশ নেবে ভারতীয় দল।
বছরের শেষভাগে ভারত সফরে আসবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। অক্টোবর-নভেম্বরে কিউয়িদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজে তিনটি ফরম্যাটেই মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ডিসেম্বরে শ্রীলঙ্কার সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের মাধ্যমে ২০২৬ সালের ক্রীড়াসূচি শেষ হবে। সরকারের সবুজ সংকেত মিললে সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধেও একটি সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে রোহিত-বিরাটদের উত্তরসূরিদের। সব মিলিয়ে টানা ক্রিকেটের ধকল সামলানোই এখন বড় চ্যালেঞ্জ।

