মণিপুরে দুই কুকি যুবকের মৃতদেহ উদ্ধার, ফের অশান্তির আশঙ্কা, তদন্তে নামতে পারে এনআইএ – এবেলা
এবেলা ডেস্কঃ
মণিপুরের উখরুল জেলায় অপহৃত দুই কুকি যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। নিহতরা হলেন অথিপা থেংগিন বাইতে এবং সোপি থাংবোইমাং, যাঁদের বুধবার নাগা ও কুকি গোষ্ঠীর সংঘর্ষের পর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই ঘটনার প্রতিবাদে এবং নিখোঁজদের মুক্তির দাবিতে কুকি স্বেচ্ছাসেবীরা ২০ জনকে আটকে রাখলেও, প্রশাসনের আশ্বাসে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে যুবকদের মৃত্যুতে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়ার অনেক আগেই ওই দুই যুবককে হত্যা করা হয়েছে। ঘটনার স্পর্শকাতরতা বিবেচনা করে রাজ্য সরকার এই মামলার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে। বর্তমানে উখরুল-ইম্ফল সড়ক ও সংলগ্ন এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে।
সংঘর্ষের নেপথ্যে পোস্ত চাষ নিয়ে বিবাদ এবং সশস্ত্র গোষ্ঠীর উস্কানি রয়েছে বলে অভিযোগ উঠেছে। কুকি সংগঠনগুলোর দাবি, বিনা প্ররোচনায় কৃষকদের ওপর হামলা চালানো হয়েছে; অন্যদিকে নাগা সংগঠনগুলো একে পরিকল্পিত আক্রমণ হিসেবে অভিহিত করেছে। মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং পরিস্থিতি শান্ত করার আবেদন জানালেও গ্রামবাসীর মধ্যে আতঙ্ক কাটেনি। বর্তমানে ময়নাতদন্তের জন্য দেহ দুটি পাঠানো হয়েছে এবং গোটা রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

