জ্বালানি সংকট ও গুজব রোধে কড়া বার্তা প্রধানমন্ত্রীর, আতঙ্কিত না হওয়ার আহ্বান – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট দেখা দিলেও ভারতে এলপিজি সরবরাহ নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট জানিয়েছেন, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন কালোবাজারি বা গুজব ছড়াতে না পারে, সে বিষয়ে রাজ্য সরকারগুলিকে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
আন্তর্জাতিক যুদ্ধের প্রভাবে কলকাতা, মুম্বই ও দিল্লির মতো বড় শহরগুলিতে হোটেল-রেস্তরাঁ এবং স্কুলের মিড-ডে মিল পরিষেবা বিঘ্নিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী জানান, সরকার পরিস্থিতি মোকাবিলায় বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে। গত এক দশকে ভারতের রিফাইনিং ক্ষমতা ও স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় দেশ যেকোনো সংকট সামাল দিতে সক্ষম বলে তিনি উল্লেখ করেন।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত বর্তমানে ইথানল ব্লেন্ডিং ও বায়োফুয়েল ব্যবহারে জোর দিচ্ছে, যা আমদানির ওপর নির্ভরতা কমিয়ে সাশ্রয় ঘটাচ্ছে। পাশাপাশি, আঞ্চলিক শান্তি বজায় রাখতে এবং পণ্য পরিবহনের পথ বাধামুক্ত রাখতে প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেছেন। ১৪০ কোটি দেশবাসীর ওপর আস্থা রেখে মোদী আশাপ্রকাশ করেন যে, পূর্ববর্তী সংকটের মতো এই চ্যালেঞ্জও ভারত সফলভাবে অতিক্রম করবে।

