লেটেস্ট নিউজ

কল্যাণীতে কিশোরীর রহস্যমৃত্যু, প্রেমিকের প্রতারণা ও হুমকির জেরে আত্মহত্যার অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

নদীয়ার কল্যাণী পুরসভার ১ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকায় এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কিশোরীর নাম বর্ষা মণ্ডল। পরিবারের অভিযোগ, স্থানীয় মুরাতিপুর এলাকার যুবক সৌরভ হালদারের সঙ্গে দীর্ঘ দু-বছরের সম্পর্ক ছিল বর্ষার। সম্প্রতি সৌরভের একাধিক বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে বর্ষা বিচ্ছেদ চাইলে শুরু হয় বিবাদ।

অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার রাতে একটি মেলায় দেখা হওয়ার পর অভিযুক্ত যুবক বর্ষার বাড়িতে চড়াও হয়। সেখানে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি পরিবারের। ঘটনার সময় বাড়িতে অভিভাবকরা উপস্থিত ছিলেন না। এই মানসিক চাপ সহ্য করতে না পেরেই কিশোরী আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে।

পরিবারের সদস্যরা কিশোরীকে উদ্ধার করে কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত সৌরভ হালদার পলাতক। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে। প্রতারণা ও আত্মহত্যার প্ররোচনার দিকটি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *