রেশন দোকানে সস্তায় ফিরছে কেরোসিন, জেনে নিন লিটার প্রতি কত খরচ হবে? – এবেলা
এবেলা ডেস্কঃ
রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দাম ও জোগানের অনিশ্চয়তার জেরে সাধারণ মানুষের সুবিধার্থে রেশন দোকানে পুনরায় কেরোসিন সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে খোলা বাজারে এক লিটার কেরোসিনের দাম ১০০ টাকা ছুঁয়েছে, যা চাহিদা বাড়লে আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে মধ্যবিত্ত ও গ্রামীণ এলাকার মানুষদের স্বস্তি দিতে সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।
রেশন দোকানে এই কেরোসিন খোলা বাজারের তুলনায় প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ কম দামে পাওয়া যাবে। জানা গেছে, প্রতি লিটার কেরোসিনের দাম ৫১.৯৩ টাকা থেকে ৫৫ টাকার মধ্যে রাখা হতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের জন্য অতিরিক্ত ৪০ হাজার কিলো লিটারের বেশি কেরোসিন বরাদ্দ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই রেশন দোকানগুলো থেকে এই তেল বণ্টন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
পরিবেশ দূষণের কারণে রেশনে কেরোসিন সরবরাহ সীমিত করা হলেও, বর্তমানে ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’-এর আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেশন ডিলাররা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধির সংকটে সাধারণ মানুষের সুরাহার জন্য এই বণ্টন প্রক্রিয়া স্থায়ী করার দাবিও তুলেছেন ডিলার সংগঠনের নেতৃবৃন্দ।

