লেটেস্ট নিউজ

পশ্চিম এশিয়ায় সংঘর্ষ: ইরান থেকে ১৭০ ভারতীয়র আর্মেনিয়া যাত্রা, ফেরাতে সক্রিয় কেন্দ্র – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তজনা ও সামরিক সংঘাতের জেরে ইরান থেকে স্থলপথে সীমান্ত পেরিয়ে আর্মেনিয়ায় পৌঁছেছেন ১৭০ জন ভারতীয় নাগরিক। শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘাতপূর্ণ এলাকা থেকে নিরাপদে সরিয়ে আনা এই ভারতীয়দের মধ্যে অনেকেই ইতিমধ্যে দেশে ফিরেছেন এবং বাকিরা আগামী কয়েক দিনের মধ্যে বাণিজ্যিক বিমানে ভারতে পৌঁছাবেন।

পরিস্থিতি মোকাবিলায় এবং আটকে পড়া ভারতীয়দের সহায়তায় গত ৪ মার্চ থেকে বিদেশ মন্ত্রকে একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থলপথে আর্মেনিয়া ও আজারবাইজান হয়ে নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তনে নিরন্তর সহায়তা দিচ্ছে। বিদেশ মন্ত্রকের মতে, সাম্প্রতিক দিনগুলোতে কন্ট্রোল রুমে আসা ফোন কল ও ইমেলের সংখ্যা হ্রাস পাওয়ায় জনমনে উদ্বেগ কিছুটা কমেছে বলে ধারণা করা হচ্ছে।

উচ্চপর্যায়ের কূটনৈতিক তৎপরতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলে ভারতীয়দের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর থেকে ওই অঞ্চলে তীব্র অস্থিরতা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *