রাজ্যে ঘূর্ণাবর্তের প্রভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থানরত ঘূর্ণাবর্তটি কিছুটা শক্তি হারালেও এর প্রভাবে রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকায় উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। হাওয়া অফিসের মতে, আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়াসহ একাধিক জেলায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সতর্কতা দেওয়া হয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই জেলাগুলিতে দুর্যোগের অনুকূল পরিস্থিতি বজায় থাকবে।
কলকাতায় আলাদা করে ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার ও সোমবার শহর ও শহরতলিতে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাত হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও, দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা সাময়িকভাবে বাড়ার পর আবার পারদ নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

