লেটেস্ট নিউজ

এলপিজি সংকট: আতঙ্ক ছড়ানোর বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লিতে আয়োজিত ‘নেক্সট সামিট ২০২৬’-এ ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপসাগরীয় সংকটের কারণে সৃষ্ট এলপিজি ঘাটতি মোকাবিলায় ভারতের দৃঢ় প্রস্তুতির কথা জানান। তিনি অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী মহল এই পরিস্থিতি নিয়ে আতঙ্ক ছড়িয়ে নিজেদের রাজনৈতিক এজেন্ডা পূরণের চেষ্টা করছে। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে হুঁশিয়ারি দেন যে, পরিস্থিতির সুযোগ নিয়ে যারা কালোবাজারি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা চলছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি জানান, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব পড়লেও ভারত বিকল্প পথ খতিয়ে দেখছে। পাশাপাশি, বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন যে, সংকটের সময়ে বিভ্রান্তি ছড়িয়ে তারা দেশের ক্ষতি করছে। এই পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

জ্বালানি ক্ষেত্রে আত্মনির্ভরতার গুরুত্ব তুলে ধরে মোদী ইথানল মিশ্রণ প্রকল্পের সাফল্যের খতিয়ান পেশ করেন। তিনি জানান, গত ১১ বছরে এই প্রযুক্তির ব্যবহারে প্রায় ১৮ কোটি ব্যারেল তেল আমদানির সাশ্রয় হয়েছে, যা দেশের ১.৫ লক্ষ কোটি টাকা বাঁচিয়েছে। কোভিড মহামারীর মতো এই বিশ্ব সংকটও ভারত সফলভাবে কাটিয়ে উঠবে বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *