মধ্যপ্রাচ্য সংকট: পিএনজি গ্রাহকদের এলপিজি সিলিন্ডার সমর্পণের নির্দেশ কেন্দ্রের – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে তৈরি হওয়া গ্যাস সংকট মোকাবিলায় বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। নতুন নির্দেশিকা অনুযায়ী, যেসব বাড়িতে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস বা পিএনজি (PNG) সংযোগ রয়েছে, তারা আর গার্হস্থ্য এলপিজি (LPG) সিলিন্ডার রাখতে পারবেন না। রান্নার গ্যাসের কালোবাজারি রুখতে এবং সরবরাহ ব্যবস্থা সুসংগঠিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পিএনজি গ্রাহকরা এখন থেকে তেল সংস্থাগুলি থেকে এলপিজি রিফিল সুবিধা পাবেন না এবং তাঁদের বর্তমান সিলিন্ডারগুলি সারেন্ডার করতে হবে। মূলত আমদানিকৃত গ্যাসের মজুদ কমে আসায় এবং হরমুজ প্রণালী সংকটের কারণে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতেই এই কঠোর অবস্থান। বিশেষজ্ঞরা মনে করছেন, বিকল্প হিসেবে সিলিন্ডার মজুদের প্রবণতা বন্ধ হলে সাধারণ গ্রাহকদের চাহিদা পূরণ সহজ হবে।
তবে জ্বালানি সংকটের এই মেঘ শীঘ্রই কাটতে পারে বলে আশা করা হচ্ছে। ভারতের জন্য ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ায় এলপিজি বোঝাই দুটি জাহাজ আগামী ১৬ বা ১৭ মার্চের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে। এই চালানটি পৌঁছালে দিল্লি, মুম্বইসহ দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হওয়া গ্যাসের ঘাটতি অনেকটাই লাঘব হবে এবং বাজার পুনরায় স্বাভাবিক হবে বলে মনে করছে কেন্দ্র।

