লেটেস্ট নিউজ

আসামে ভোটের দামামা: ১৪ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল আম আদমি পার্টি – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তর-পূর্ব ভারতে নিজেদের ভিত্তি শক্ত করতে তৎপর হয়ে উঠেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। রবিবার নির্বাচন কমিশন ৫ রাজ্যের ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই আসামে প্রথম দফার ১৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তারা। আবগারি দুর্নীতির অভিযোগমুক্ত হয়ে দিল্লি ও পাঞ্জাবের সাফল্যের মডেলে এবার আসামের নির্বাচনী ময়দানে কোমর বেঁধে নামছে আপ নেতৃত্ব।

ঘোষিত তালিকায় শহুরে ও গ্রামীণ উভয় অঞ্চলের ভারসাম্য বজায় রাখা হয়েছে। মধ্য গুয়াহাটি থেকে প্রার্থী করা হয়েছে অনুরূপা ডেকারাজাকে। এছাড়া শিবসাগর থেকে তপন গগৈ, টিটাবার থেকে পল্লব সাইকিয়া এবং নাওবইচা থেকে অচ্যুত দাসের মতো প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। দলের লক্ষ্য মূলত শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ পরিষেবাকে হাতিয়ার করে ভোটারদের মন জয় করা এবং পূর্ব ভারতে রাজনৈতিক প্রভাব বিস্তার করা।

আসাম বিধানসভার মোট ১২৬টি আসনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে কেজরির দল। বর্তমান সরকারের মেয়াদ ২০ মে শেষ হতে চলায় ইতিমধ্যেই অন্যান্য রাজনৈতিক দলগুলোও তোড়জোড় শুরু করেছে। কংগ্রেসের দ্বিতীয় দফার তালিকার পর আপ-এর এই পদক্ষেপ আসামের নির্বাচনী লড়াইকে আরও বহুমাত্রিক করে তুলল। বিশ্লেষকদের মতে, দিল্লি ও পাঞ্জাবে সাংগঠনিক শক্তির পর এবার আসামেও নিজেদের অস্তিত্ব প্রমাণ করাই আপ-এর মূল চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *