লেটেস্ট নিউজ

বিশ্বকাপের কড়া ডায়েট ভাঙলেন সঞ্জু স্যামসন, পান্তা ভাত ও শুঁটকিতে মজেছেন তারকা ব্যাটার – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য টানা তিন মাস কঠোর ডায়েট মেনে চলেছিলেন ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসন। ব্যক্তিগত রাঁধুনি সুরেশ পিল্লাইয়ের তত্ত্বাবধানে এই দীর্ঘ সময় তিনি শর্করা বর্জিত খাবার খেলেও ফাইনালের এক সপ্তাহ আগে সেই নিয়মে ছেদ পড়ে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলার পর নিজের সাফল্যের উদযাপনে প্রিয় ঘরোয়া খাবারের স্বাদ নিতে মরিয়া হয়ে ওঠেন ৩১ বছর বয়সি এই কেরালা পুত্র।

মাঠের ক্রিকেটে মনোযোগী সঞ্জু ব্যক্তিগত জীবনেও বেশ সুশৃঙ্খল, তবে প্রিয় খাবারের টানে ডায়েটকে ‘বুড়ো আঙুল’ দেখাতে দ্বিধা করেননি তিনি। ২ মার্চ সন্ধ্যায় সঞ্জুর ম্যানেজার পিল্লাইকে ফোন করে জানান, তারকা ব্যাটার ‘চিট মিল’ হিসেবে কেরালার ঐতিহ্যবাহী ‘পাজানকাঞ্জি’ বা পান্তা ভাত এবং শুঁটকি মাছ খেতে চেয়েছেন। এছাড়া তালিকায় ছিল সেদ্ধ করা কাসাভা বা ‘কাপ্পা’ এবং ঝাল মশলাদার নারকেলের চাটনি ‘চামান্তি’।

মুম্বইয়ে তাৎক্ষণিক পান্তা ভাতের ব্যবস্থা করা কঠিন হলেও প্রিয় শিষ্যের আবদার মেটাতে চেষ্টার খামতি রাখেননি পিল্লাই। এক বন্ধুর হোটেলের সহায়তায় তিনি সঞ্জুর জন্য কাঞ্জি, কাপ্পা, সার্ডিন মাছের কারি এবং পাঁপড় ভাজার ব্যবস্থা করেন। দীর্ঘ সময় সমাজ মাধ্যম ও বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন থাকা সঞ্জু বিশ্বকাপের মহারণের আগে এভাবেই কেরালা স্টাইলের ঘরোয়া খাবারে তৃপ্তি খুঁজে নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *